২৫ বছর পর নিখোঁজ রেজাউল ইসলামের ঘরে ফেরা, রাজারহাটে আবেগঘন পরিবেশ

0
158
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাদিয়ারছড়া গ্রামের মো. রেজাউল ইসলাম / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

দীর্ঘ ২৫ বছর নিখোঁজ থাকার পর অবশেষে নিজ গ্রামে ফিরেছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাদিয়ারছড়া গ্রামের মো. রেজাউল ইসলাম। আড়াই দশক আগে হারিয়ে যাওয়া টগবগে যুবক রেজাউল প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে বাড়ির মাটিতে পা রাখতেই এলাকায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজন তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে পরিবার ও এলাকাবাসীর চোখে ছিল আনন্দের অশ্রু।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে হঠাৎ করেই নিখোঁজ হন মো. কুদ্দুস মিয়ার ছেলে মো. রেজাউল ইসলাম। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবার প্রায় আশা ছেড়ে দেয়।

ফিরে এসে রেজাউল ইসলাম জানান, তাকে ফুসলিয়ে সীমান্ত পার করে ভারতে পাচার করা হয়। সেখানে একটি দুর্গম এলাকায় গরুর খামারে তাকে বন্দি করে রাখা হয়। তার দাবি, দীর্ঘ সময় অমানবিক পরিশ্রম করানো হলেও কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি; কেবল তিন বেলা খাবার দেওয়া হতো। পালিয়ে যাওয়ার সুযোগ না দিতে তাকে কড়া পাহারায় রাখা হতো। কার্যত দাসের মতো জীবন কাটাতে বাধ্য হন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্প্রতি সুযোগ বুঝে খামার থেকে পালিয়ে সীমান্ত এলাকায় পৌঁছে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ)-এর সদস্যদের কাছে নিজের অবস্থার কথা তুলে ধরেন এবং দেশে ফেরার আকুতি জানান।

রেজাউলের ভাষ্য অনুযায়ী, পাসপোর্ট-ভিসা না থাকায় আইনি জটিলতার কথা জানালেও তার দীর্ঘ বন্দিদশার কাহিনী শুনে মানবিক কারণে বিএসএফ সদস্যরা তাকে সহায়তা করেন। তিনি দাবি করেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে পরিচয় দেখিয়ে এবং কিছু অর্থ দিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার সুযোগ করে দেওয়া হয়।

দীর্ঘ আড়াই দশক পর বাড়ি ফেরায় বাদিয়ারছড়া গ্রামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বাবা মো. কুদ্দুস মিয়া ও পরিবারের সদস্যরা ছেলেকে ফিরে পাওয়ার আশা প্রায় হারিয়ে ফেলেছিলেন।

বর্তমানে মো. রেজাউল ইসলামকে এক নজর দেখতে গ্রামে ভিড় করছেন উৎসুক মানুষ। হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে পরিবারটির ঘরে এখন বইছে ঈদের আনন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here