স্টাফ রিপোর্টার :
কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সবুজ খলিফা (৩৬)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চট্টগ্রাম মহানগরের ডবলমুড়িং থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১০ কাজ শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-৭–এর সহযোগিতায় গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকে সবুজ খলিফাকে গ্রেপ্তার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত ফারজানা আক্তার (২৪) চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঝালকাঠি থেকে ঢাকার কেরাণীগঞ্জে শ্বশুরবাড়ির ভাড়া বাসায় আসেন। গত ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিটের মধ্যে কোনো এক সময়ে বাসায় অন্য কেউ না থাকার সুযোগে তাঁর ভাসুর সবুজ খলিফা শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ৩৬, তারিখ ১৯ জানুয়ারি ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

