কিশোরগঞ্জ প্রতিনিধি :
নিকলী-বাজিতপুরে বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বাজিতপুর উপজেলার বাঁশ মহল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নিকলী-বাজিতপুরের বিভিন্ন এলাকায় ‘হাঁস মার্কা’ সমর্থিত কিছু নেতা-কর্মী বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা চালায়, কয়েকজনকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুর ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনাতেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে; কিন্তু সহিংসতা, ভাঙচুর ও সন্ত্রাসের কোনো স্থান নেই। তারা অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তিনি বলেন, বাজিতপুর-নিকলীতে সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি চলতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ অব্যাহত থাকবে।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে। হামলা-মামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবাদ সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

