নাটোরের সিংড়ায় মসজিদ ও ফুটবল খেলার মাঠের জমি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের বিলতাজপুর গ্রামের খেলার মাঠ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিলতাজপুর জামে মসজিদ ও ফুটবল খেলার মাঠের নামে প্রায় ২০ থেকে ২২ বিঘা জমি রয়েছে। গত ৫০ বছর ধরে গ্রামের মানুষ এসব জমি ধর্মীয়, সামাজিক ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে আসছেন। তবে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ সরকারের আমলে জাল দলিল তৈরি করে মসজিদ ও খেলার মাঠের জমি দখল করেছেন বলে তাঁদের অভিযোগ।
বক্তারা আরও বলেন, খেলার মাঠের একাংশ কেটে পুকুর খনন করায় গ্রামের শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে গেছে। একসময় মাঠটি সবার জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে সেখানে ধান মাড়াই ও সংগ্রহসহ বিভিন্ন কাজে গ্রামবাসীকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি সাধারণ মানুষের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধন থেকে মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। একই সঙ্গে জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন বিলতাজপুর জামে মসজিদের সভাপতি মো. জিল্লুর রহমান, গ্রাম্য প্রধান মাহাবুব, আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অন্যদিকে, এ বিষয়ে প্রতিপক্ষের গোলাপ হোসেন বলেন, “আমরা জমিদারের ওয়ারিশদের কাছ থেকে ওই জমি কিনেছি। আমাদের কাছে জমির দলিল ও নামজারি-খারিজের কাগজপত্র রয়েছে।”
এই বাংলা/এমএস