সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী নজরুল ইসলামের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। সোমবার (৯ নভেম্বর) তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে নজরুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত মা-বাবার সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন।
নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের আবদুল বাছির ও রহিমা বেগমের ছেলে। জীবিকার সন্ধানে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সেখানে একটি ঘটনায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সন্তানের এমন পরিণতিতে পরিবারটি শোকের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।
পরিবারটির দুরবস্থার কথা জানতে পেরে সহযোগিতার উদ্যোগ নেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এর আগে গত ২৫ অক্টোবর তিনি নজরুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কষ্টের কথা শোনেন এবং সহায়তার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে সোমবার পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি নিয়াজুল করিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। একটি পরিবার যখন অপূরণীয় ক্ষতির মুখে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। পরিবারটি যেন নিজেদের অসহায় মনে না করে, সে জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাঁদের পরিবার ও স্বজনেরা সংকটে পড়লে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা এ সহযোগিতার জন্য জেলা পরিষদ প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস