সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নলছিটিতে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ছিনিয়ে নেওয়া দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন।

পুলিশ জানায়, রোববার দুপুরে নলছিটির দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি দপদপিয়া ইউনিয়ন পরিষদের সদস্যও। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয়। ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে। মামলায় সিরাজ মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে, ঘটনার পর দপদপিয়া এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় অনেক বাসিন্দা গ্রেপ্তারের আশঙ্কায় এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর