নাটোরের গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ সদস্য আব্দুল আজিজের জনসভাস্থল থেকে বোমাসদৃশ একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে। বস্তুটি আসলে কী এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের পর সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিমকে গ্রেপ্তার করে দুই দফায় রিমান্ডে নেয় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এমপি আব্দুল আজিজের সমর্থকেরা গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার আয়োজন করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের উপস্থিত থাকার কথা ছিল। দলীয় নেতাকর্মীদের দাবি, তিনি জনসভাস্থলে উপস্থিতও ছিলেন। এর মধ্যেই মাঠ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বাংলা/এমএস