নাটোরের সিংড়া পৌরসভার চকসিংড়া মহল্লায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপান করা খাদিজা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে গৃহবধূ খাদিজাকে তাঁর শ্বশুর আসলাম সিকদার ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে খাদিজা বিষপান করেন বলে স্থানীয় সূত্রের দাবি।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (৭ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।
অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দিতে আসেননি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস