জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। জাতীয় নির্বাচনের আগে কৃষকদের ঋণমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এ লক্ষ্য সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশার কাজীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা, মসুর ও খেসারি বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের কার্যকারিতা ও কৃষকদের জন্য এর সুফল তুলে ধরেন।
তিনি জানান, ৭ মেট্রিক টন ধারণক্ষমতার এ কোল্ড স্টোরেজে কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত সংরক্ষণ ও সতেজ রাখতে পারবেন।
অনুষ্ঠানে প্রায় ৭০০ কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস