রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ, আহত ৫

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নে বিএনপির প্রস্তুতি সভায় আওয়ামী লীগ সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গত শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নালের ছোট ভাই আমির হোসেনকে আটক করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে জয়নালের আত্মীয়স্বজন ও আওয়ামী লীগ সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা আমির হোসেনকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিব অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় ৭ নভেম্বরের কর্মসূচি উপলক্ষে সাপমারা এলাকায় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজন করেন। সভা চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

তিনি আরও জানান, আত্মরক্ষার জন্য বিএনপির নেতাকর্মীরা আমির নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করে রাখেন। পরে তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারও হামলা চালিয়ে পাঁচজনকে আহত করেন।

হামলায় আহত ব্যক্তিদের মধ্যে শফিকুল ইসলাম সুজন (৩০), মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. ফারুক হোসেন (৩০)-এর নাম জানা গেছে।

বিএনপি সভাপতি হাবিব জানান, আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর