‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ডিমলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা গোলাম রব্বানী প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সেলিম ও বিএসসি শিক্ষক স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে সমবায় সমিতিগুলোর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
অনুষ্ঠানে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোলাম রব্বানী প্রধান, ইয়াং লাইট সমবায় সমিতির পরিচালক মো. রফিক বিন আল আজীরসহ একাধিক সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় ডিমলা উপজেলার বিভিন্ন সমবায় সমিতির পরিচালক, সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস