জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা করেছে উপজেলা বিএনপি।
রোববার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মো. মীর হোসেনের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি, কৃষক দল, ওলামা দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার আমতল ও মহামুনি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের বাকশাল গঠন ও রক্ষীবাহিনী সৃষ্টির মাধ্যমে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে তা নস্যাৎ করা সম্ভব হয়েছিল বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, মেজর জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সম্মুখভাগ থেকেও নেতৃত্ব দিয়েছেন। দেশের সংকটময় মুহূর্তে তাঁর নেতৃত্বে সংঘটিত বিপ্লব এবং জনতার সংহতি দেশকে কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রেখেছিল।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন-পরবর্তী দেশ গঠনের প্রসঙ্গ তুলে হাবিবুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি আবারও দেশের সংকট মোকাবিলায় বদ্ধপরিকর। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন। তবে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
পথসভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাঁরা দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এই বাংলা/এমএস