মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে লক্ষ্মী-নারায়ণ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • Update Time : Tuesday, October 20, 2026
  • 1 Time View

শারদীয় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে খাগড়াছড়ি জেলা সদরের শ্রীশ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি বাজারে অবস্থিত মন্দিরটির পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা পূজার সার্বিক আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ও করেন তাঁরা।

পরিদর্শনকারীদের মধ্যে ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

মতবিনিময়কালে পূজার আয়োজন, দর্শনার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এদিকে, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি জোনের নিরাপত্তা দল সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিদর্শনকালে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে ভূমিকা রাখছে।

এই বাংলা/এমএস

More News Of This Category