বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে এবং নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে নেতৃবৃন্দের পাশাপাশি মুসলিমরাও খোঁজখবর নিচ্ছেন বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর, মোকনা ও পাকুটিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় সংসদ সদস্য মন্দির পরিচালনা কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, সরকার সব ধর্মের মানুষের উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। এ সময় তিনি পূজা উদ্যাপন নির্বিঘ্ন রাখতে মন্দির কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে রবিউল আওয়াল লাভলু বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগ ও জামায়াতের কিছু ব্যক্তি দেশকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মনে করেন। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্যসচিব মো. শহিদুল ইসলাম মনির, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই বাংলা/এমএস