সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিশ্ব দৃষ্টি দিবসে ঝালকাঠিতে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে ৭৮৭ জনের চক্ষু পরীক্ষা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছে সাজেদা ফাউন্ডেশন ও সহযোগী প্রতিষ্ঠানগুলো। ক্যাম্পে ৭৮৭ জনের চোখ পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৪৯১ জনের প্রেসবায়োপিয়া শনাক্ত করে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৩৬ জন ছানি রোগী শনাক্ত করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সাজেদা ফাউন্ডেশন, ভিশনস্প্রিং, ঝালকাঠি জেলা প্রশাসন, গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল এবং উই ক্যান চেঞ্জের (ডব্লিউসিসি) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

আয়োজকেরা জানান, এ উদ্যোগের আওতায় সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ এবং ছানি অপারেশনের সুযোগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ক্যাম্পে ১০২ জন অসংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন এবং ৭৯ জন সাধারণ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

কর্মসূচিটি ২০২৩ সাল থেকে সাজেদা ফাউন্ডেশন ও ভিশনস্প্রিংয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ‘রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভড লাইভলিহুডস’ প্রকল্পের অংশ। প্রকল্পটির লক্ষ্য তৃণমূল পর্যায়ে সাশ্রয়ী ও টেকসই চক্ষুসেবা পৌঁছে দেওয়া। এর মাধ্যমে শ্রমিক, কারিগর, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দৃষ্টিশক্তি উন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতা, আয় ও জীবনমান বাড়াতে সহায়তা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়তে চক্ষুসেবাকে গুরুত্ব দিতে হবে। ভালো দৃষ্টিশক্তি শিক্ষার্থীদের পড়াশোনার সক্ষমতায় ভূমিকা রাখে। একই সঙ্গে প্রবীণদের সমাজের সক্রিয় ও উৎপাদনশীল সদস্য হিসেবে থাকতে সহায়তা করে। তিনি সবার কাছে চক্ষুসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ায় সাজেদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

সাজেদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, বাংলাদেশে প্রায় ১৪ লাখ মানুষের ছানি অপারেশন প্রয়োজন, যা সহজলভ্য চক্ষুসেবার গুরুত্ব তুলে ধরে। অংশীদার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রেসবায়োপিয়া শনাক্তকরণ ও চশমা বিতরণের কার্যক্রম চালানো হচ্ছে। চক্ষুসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তর্ভুক্ত করা এবং এর পরিধি বাড়ানোও তাঁদের লক্ষ্য।

ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সাজেদা ফাউন্ডেশন একটি বেসরকারি অলাভজনক সংস্থা। সমন্বিত কমিউনিটি স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র অর্থায়ন ও আর্থসামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে তাদের ৪০০টির বেশি ইউনিট অফিস ও ৬ হাজারের বেশি পূর্ণকালীন কর্মী রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর