সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন, জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচার দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দৈনিক আমার দেশ-এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নেত্রকোনার সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর মডেল থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে সাজানো ও পরিকল্পিত বলে অভিযোগ করেন। তাঁরা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করা জরুরি। সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হামলা, হত্যা কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠারও দাবি জানান তাঁরা।

এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, “জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর উপজেলা সংবাদদাতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ, আরটিভি ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রাতুল মণ্ডল, ডেইলি এক্সপ্রেসের উপজেলা প্রতিনিধি কবির সরকার, দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি আবু সাইদ চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মো. ইকবাল হোসেন, দৈনিক দেশ বর্তমানের জেলা প্রতিনিধি নাঈম ও উপজেলা প্রতিনিধি মামুন হোসেন, দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি টিপু সুলতান, সময়ের আলোর মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আরিফ মণ্ডল, দৈনিক মুক্তখবরের উপজেলা প্রতিনিধি আরিফ প্রধান, দৈনিক দিগন্ত সংবাদের উপজেলা প্রতিনিধি মুনসুরুল ইসলাম মাসুম এবং সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন ও আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর