সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদালতের রায়ে চট্টগ্রামে দখলমুক্ত হলো ‘হোটেল সাউদিয়া’

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কে.সি. দে রোডের পুরাতন গীর্জা এলাকায় দীর্ঘদিন ধরে দখলে থাকা ‘হোটেল সাউদিয়া আবাসিক’ উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আদালতের রায় ও উচ্ছেদ আদেশের ভিত্তিতে পরিচালিত অভিযানে হোটেলটি দখলমুক্ত করে মালিকানা দাবিদার দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে সোসাইটির মালিকানাধীন সোসাইটি টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর হোটেলের মূল ফটকে তালা লাগিয়ে সিলগালা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করেন। এ সময় সোসাইটির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল হোসেনসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আদালতের রায় অনুযায়ী, দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড বিবাদীপক্ষের কাছে ক্ষতিপূরণ বাবদ মোট ৯ লাখ ৫৬ হাজার ৬৯৮ টাকা পাওনা রয়েছে।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার জানান, হোটেলটির ভাড়া বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে দি চিটাগাং অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষে সোসাইটির সেক্রেটারি ভাড়াটিয়া এস.এম. আবদুল আলী গংয়ের বিরুদ্ধে চট্টগ্রাম সদর সিনিয়র সিভিল জজ প্রথম আদালতে অপর মামলা নম্বর ৬৬৪/২০২১ দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ২৪ জুলাই আদালত বাদীপক্ষের অনুকূলে রায় দেন। পরে চলতি বছরের ৫ নভেম্বর আদালত উচ্ছেদের আদেশ জারি করেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার ৪ হাজার ১০৬ বর্গফুট আয়তনের আবাসিক হোটেলটি দখলমুক্ত করে সোসাইটির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সোসাইটির সভাপতি কামরুল ইসলাম জানান, কে.সি. দে রোডের পুরাতন গীর্জা এলাকায় সোসাইটির মালিকানাধীন সোসাইটি টাওয়ারের দ্বিতীয় তলায় আবাসিক হোটেল পরিচালনার জন্য ১৯৮৫ সালের ১৫ জুন এস.এম. আবদুল আলী গংয়ের সঙ্গে প্রতি বর্গফুট ১ টাকা ৬০ পয়সা মাসিক ভাড়ায় ৪ হাজার ১০৬ বর্গফুটের স্থাপনা নির্মাণের রেজিস্ট্রিকৃত চুক্তি হয়। স্থাপনা নির্মাণের পর ১৯৮৭ সালের ১৩ মে উভয় পক্ষের মধ্যে পুনরায় তিন বছরের জন্য চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তি অনুযায়ী, প্রতি বর্গফুটের ভাড়া ২ টাকা নির্ধারণ করা হয়।

তিনি আরও বলেন, চুক্তির শর্ত ভঙ্গ ও নিয়মিত ভাড়া পরিশোধ না করায় সোসাইটির পক্ষ থেকে এস.এম. আবদুল আলী গংয়ের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। স্থাপনাটি বুঝিয়ে দেওয়ার জন্য মৌখিকভাবে অনুরোধের পাশাপাশি একাধিকবার নোটিশ দেওয়া হলেও বিবাদীপক্ষ তাতে সাড়া দেয়নি। পরে সোসাইটি আদালতের শরণাপন্ন হয়।

দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে সম্পত্তি বুঝে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সোসাইটির সাধারণ সম্পাদক হেলাল হোসেন। তিনি বলেন, “দীর্ঘ বছর পর হলেও আমরা আমাদের সম্পত্তি বুঝে পেয়েছি। জেলা প্রশাসনের মাধ্যমে আদালতের রায় বাস্তবায়ন হওয়ায় আমরা অত্যন্ত খুশি।”

উচ্ছেদ অভিযান শেষে বাদ্যযন্ত্র বাজিয়ে সোসাইটির নেতৃবৃন্দের কাছে স্থাপনাটি হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে সম্পত্তিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের একটি পর্যায়ের অবসান ঘটল।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর