সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মাঝে: সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও সীমাবদ্ধতার বাইরে গিয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য শিক্ষার সুযোগ তৈরি করাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য। ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিন লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাচ্ছেন।

কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উদযাপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংস্কৃতি শুধু গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি জাতির চিন্তা-চেতনা, মূল্যবোধ, আচরণ, ঐতিহ্য ও জীবনবোধের সামগ্রিক প্রকাশ। দেশের সংস্কৃতি নানা অবক্ষয় ও অবহেলার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিজস্ব বৈশিষ্ট্যে বিকশিত করার ওপর গুরুত্ব দেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ডিসেম্বর থেকে জাতীয় সংস্কৃতি উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। সুস্থ, মানবিক ও জীবনমুখী সংস্কৃতি গড়ে তুলতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, কাজী নজরুল ইসলামের শিক্ষাদর্শন ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল ভাবনার মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। নজরুলের শিক্ষা-চিন্তা ছিল প্রথাগত শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে জীবনব্যাপী ও সর্বজনীন শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

তিনি বলেন, বাউবি দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষার্থীসংখ্যার বিশ্ববিদ্যালয়। দেশের পাশাপাশি সাতটি দেশেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। একটি জাতির অস্তিত্ব ও স্বকীয়তা রক্ষায় নিজস্ব সংস্কৃতির চর্চা ও বিকাশ অপরিহার্য। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন, সাহিত্য ও আদর্শ তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ‘কাজী নজরুল ইসলামের শিক্ষা-দর্শন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদিভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।

প্রবন্ধে তিনি নজরুলের শিক্ষা-চিন্তা, সাম্যবাদী দর্শন, মানবমুক্তির প্রত্যয় এবং সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিতে তাঁর ভাবনার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি বলেন, নজরুলের কাছে শিক্ষার মূল লক্ষ্য ছিল প্রকৃত মানুষ গড়ে তোলা; কেবল চাকরিপ্রার্থী বা সনদধারী তৈরি করা নয়। ঔপনিবেশিক, মুখস্থনির্ভর ও বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থার পরিবর্তে আত্মমর্যাদা, দেশপ্রেম, সৃজনশীলতা, কর্মমুখিতা ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর তিনি গুরুত্ব দিয়েছিলেন।

প্রবন্ধে মাতৃভাষায় শিক্ষা, অনুবাদ, বিজ্ঞানমনস্কতা, নারীশিক্ষা, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক বিকাশে নজরুলের ভাবনার বিষয়গুলোও তুলে ধরা হয়। উপস্থাপক বলেন, নজরুল এমন একটি শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন, যেখানে শিক্ষা নির্দিষ্ট শ্রেণি, বয়স বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাবে। তাঁর মতে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দর্শনের সঙ্গে নজরুলের এই শিক্ষাভাবনার গভীর মিল রয়েছে। এ কারণে তিনি কাজী নজরুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধারণার আদি দার্শনিক রূপকার হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক ও এসএসএইচএল ডিন অধ্যাপক তানভীর আহসান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন।

বাউবির মিডিয়া বিভাগের সিনিয়র ভিডিও স্পেশালিস্ট (গ্রেড-১) মো. সরফ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে গান, কবিতা আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি বিভাগে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর