মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পূর্বধলায় অবৈধ বালুর মজুতের বিরুদ্ধে অভিযান, জব্দ ৮ ট্রাকের সমপরিমাণ বালু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে অবৈধভাবে মজুত করা বালুর বিরুদ্ধে অভিযান চালিয়ে আনুমানিক ৭ থেকে ৮ ট্রাক বালু জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, জারিয়া বাজারে দীর্ঘদিন ধরে মিলন ও রিপন তালুকদার নামের দুই ব্যক্তির নেতৃত্বে অবৈধভাবে বালুর ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এ ব্যবসার সঙ্গে আড়ালে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন বলেও এলাকায় আলোচনা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলা থেকে প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৫টার মধ্যে অটোভ্যানে করে বালু এনে জারিয়া বাজারে মজুত করা হয়। পরে সেখান থেকে লরিতে বোঝাই করে বিভিন্ন স্থানে পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫ ট্রাকের সমপরিমাণ সিলেকশন বালু এবং ২ থেকে ৩ ট্রাকের সমপরিমাণ বিট বালুসহ মোট আনুমানিক ৭ থেকে ৮ ট্রাক বালু জব্দ করা হয়।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা ইউএনওর ভূমিকার প্রশংসা করেন। তাঁদের মতে, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় আইনশৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসী অবৈধ বালুর ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর