পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ বিচারিক প্রক্রিয়ার পরিবর্তে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে গলাচিপা থানার এসআই সোহান আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মো. জহিরুল ইসলাম (৪৫) পরিচালিত একটি দোকানে তল্লাশি চালিয়ে দুই পিস ইয়াবা ট্যাবলেট, এক পোটলা গাঁজা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় দোকান মালিক মো. জহিরুল ইসলাম (৪৫), মো. রবিউল মিয়া (২৯) ও মো. আল আমিন (৩০) নামে তিনজনকে আটক করে পুলিশ।
পরে ৯ নভেম্বর ২০২৬ তারিখ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের সাজা ঘোষণা করা হয়। আদালত মো. জহিরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর দুই আসামি মো. রবিউল মিয়া ও মো. আল আমিনকে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
গলাচিপায় পরিচালিত এ অভিযানের মধ্য দিয়ে মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের তৎপরতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
এই বাংলা/এমএস