সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাল্যবিয়েতে অসম্মতি জানিয়ে ইউএনওর দ্বারস্থ, বন্ধ হলো ১৪ বছরের শিক্ষার্থী ঝুমুরের বিয়ে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

“আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করা হয়েছে। আমি লেখাপড়া করতে চাই। আমার রোল নম্বর ১। আমি যদি পরিবারের কাছে অতিরিক্ত বোঝা হয়ে থাকি, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়াশোনার দায়িত্ব নিক। তবুও আমি এখন বিয়েতে বসব না।”

নিজের বাল্যবিয়ে বন্ধ করে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। তার সাহসী অবস্থান ও প্রশাসনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে বিয়ের আয়োজন।

শিক্ষার্থীটি পটুয়াখালীর গলাচিপা উপজেলার একটি চরাঞ্চলের দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার লিখিত আবেদন ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের নজরে আসে।

সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম এবং মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ওই শিক্ষার্থীর বাড়িতে যান। পরে শিক্ষার্থী ও তার অভিভাবকদের গলাচিপা উপজেলা পরিষদ কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক শিক্ষার্থীর হাতে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে মেয়েকে বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এদিকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ জানিয়েছেন, ওই শিক্ষার্থী তাঁর প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়া পর্যন্ত কোনো খরচ নেওয়া হবে না।

জানা গেছে, শিক্ষার্থীর জন্ম ২৮ মার্চ ২০১২। সপ্তম শ্রেণিতে ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ১। পরিবারের পক্ষ থেকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা হলে সে বিয়েতে অসম্মতি জানিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানায়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, মেয়েকে বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর