সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

হরিরামপুরে শ্রেণিকক্ষে ফ্যান ভেঙে আহত দুই শিক্ষার্থী

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো—দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে ও বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আমির হামজা এবং একই শ্রেণির অর্ক।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ ওপর থেকে ফ্যানটি ভেঙে শিক্ষার্থীদের পাশে পড়ে। এ সময় ফ্যানের পাখার আঘাতে আমির হামজার নাক ও চোখে আঘাত লাগে। তাকে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অন্য শিক্ষার্থী অর্কও আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কাজল জানান, বিদ্যালয়ের টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। আগে কিছুটা মেরামত করা হলেও তাতে তেমন কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ পরিবেশেই শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদে ক্লাস করার জন্য পুরোনো ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।

প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয় শ্রেণির কক্ষের ফ্যানটি ভেঙে পড়ে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। প্রায় এক মাস আগে ভবনটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও মৌখিকভাবে জানানো হয়েছে। দ্রুত ভবনটি মেরামত করা না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য এর আগে দুই দফা বরাদ্দ এলেও জমিসংক্রান্ত জটিলতার কারণে সেই অর্থ ফেরত গেছে। বিদ্যালয়ের ভেতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ জায়গায় নির্মিত ওই আশ্রয়কেন্দ্রের তিনটি কক্ষ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহারের জন্য বরাদ্দ থাকার কথা থাকলেও মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো ব্যবহার করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা করে ওই ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ জানান, বিদ্যালয়ের ভেতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র রয়েছে। সেখানে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর