সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রী সোমাইয়ার

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সোমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোমাইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা দক্ষিণপাড়ার আমির হোসেনের মেয়ে। তিনি নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার সুবিধার্থে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে কলেজে যাচ্ছিলেন সোমাইয়া। পথে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোমাইয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমাইয়ার মৃত্যুর খবরে তাঁর পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালানো ও অতিরিক্ত গতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর