রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

নাটোরে চলন্ত ভ্যান থেকে ছিটকে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার,নাটোর
  • প্রকাশকালঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় চলন্ত চার্জার ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গেদি বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পান্নানগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বানী ইসরাইলের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গেদি বেগম পাটুল থেকে নলডাঙ্গাগামী একটি চার্জার ভ্যানে যাত্রী হিসেবে ছিলেন। ভ্যানটি সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচে পৌঁছালে একই দিক থেকে আসা পাটবোঝাই স্যালো ইঞ্জিনচালিত একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় পাটবোঝাই গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে গেদি বেগম ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। পরে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নলডাঙ্গা থানা পুলিশ দুর্ঘটনায় জড়িত চার্জার ভ্যান ও পাটবোঝাই গাড়িসহ সংশ্লিষ্ট চালকদের থানায় নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর