শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিঠুন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে রাজশাহীগামী তাবাসসুম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিঠুনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার তিন দিনের মাথায় একই উপজেলায় আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটল।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর