শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাটুরিয়ায় জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার, টাকা ও তাস জব্দ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের উত্তর কাউন্নারা এলাকার একটি পরিত্যক্ত ভবনের ছাদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ৩ হাজার ৩৫০ টাকা ও দুই বান্ডিল তাসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আবদুল হালিম (৩৮), মো. ইসমাইল হোসেন (৪০), মো. বাচ্চু মিয়া (৪৯), মো. জুয়েল হোসেন (৩৬), মো. শাহীন মিয়া (৪২) ও পলাশ মিয়া (৪৯)। তাঁরা সবাই উত্তর কাউন্নারা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) এস এম সুলতান মাহমুদের নেতৃত্বে একটি দল বিশেষ টহল ও ‘কিলো-৩’ দায়িত্ব পালন করছিল। বিকেল ৪টার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সূত্রে খবর পায়, উত্তর কাউন্নারা এলাকার হালিম চৌধুরীর একটি পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে।

খবর পেয়ে পুলিশের দলটি সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুই বান্ডিল তাস, একটি প্লাস্টিকের চট ও নগদ ৩ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১৯/২০২৬। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর