মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে বালিপাড়া ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কাউসার আহমেদের নেতৃত্বে এ সভার আয়োজন করা হয়। ডা. মো. মাহাবুবুর রহমান (এমপি), ছাত্রদলের সভাপতি মো. ইয়াসির আরাফাত এবং সাধারণ সম্পাদক আশিক মাহবুবের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবীণ নাগরিক ও তরুণ-যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সামগ্রিক সমাজের ওপরও। মাদকের কারণে তরুণদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ, কর্মক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে। এ সমস্যা মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। নতুন প্রজন্মকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুযোগ বাড়াতে হবে।
বক্তাদের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে তরুণদের মধ্যে ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলা সহজ হবে।
এই বাংলা/এমএস