বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এবং জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন বলে অঙ্গীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয় বিবেচনায় ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার মোকামতলা এলাকায় ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, সরকার দিনের ভোট রাতে করার পক্ষে নয়; বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায়। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। বিএনপির কোনো নেতাকর্মীও নির্বাচনে হট্টগোল করলে ছাড় পাবেন না বলে তিনি উল্লেখ করেন। দলের ভাবমূর্তি রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন অনুযায়ী কঠোর অবস্থান নেবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের উপজেলা পর্যায়ে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে পাঁচ বছর পর আবার ভোট চাইতে যাবেন বলে জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে গ্রামাঞ্চলে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি স্থানীয় উন্নয়নের স্বার্থে তাঁদের নির্বাচিত করার আহ্বান জানান।

বক্তব্যে জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম অভিযোগ করেন, দলটি নির্বাচনের সময় ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করে। দুর্গাপূজায় অংশগ্রহণ এবং লংমার্চের নামে তেল-গ্যাস নিয়ে বক্তব্যের বিষয়েও তিনি দলটির সমালোচনা করেন। তাঁর দাবি, ভোটের সময় সক্রিয় থাকলেও নির্বাচনের পর জনগণের সঙ্গে যোগাযোগে দলটির তৎপরতা কমে যায়।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তাঁর দল জনগণের ভোটের ওপর নির্ভরশীল। তাই জনগণের কাছে গিয়ে তাঁদের কথা শোনা এবং পাশে থাকা অব্যাহত রাখবেন তাঁরা।

সুধী সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারা প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি এবং ময়লা পরিবহনের জন্য গার্বেজ ভ্যানের উদ্বোধন করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর