মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দৌলতপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সতর্ক থাকার আশ্বাস এমপি জিন্নাহ কবীরের

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এস এ জিন্নাহ কবীর বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন। কোনো অপশক্তিকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে বলে উল্লেখ করেন তিনি।

দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান সংসদ সদস্য।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর