‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬-এর বিভাগীয় পর্ব। প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জিলা স্কুল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরীর টাউন হল মোড়ের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও গাজীপুর—এই সাত জেলার চ্যাম্পিয়ন দল অংশ নেয়।
সকাল থেকে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্বের প্রতিযোগিতা চলে। পরবর্তী সময়ে ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহ জিলা স্কুল ও নেত্রকোনার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। যুক্তি ও পাল্টা যুক্তির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ের মুকুট পরে ময়মনসিংহ জিলা স্কুল।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম রেজাউল করিম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. শওকত হোসেন, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মাহবুব রেজা করিম মুরাদ, সাধারণ সম্পাদক মুহা. মশিউল আলম এবং ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম।
ফাইনাল পর্বে শিক্ষার্থীদের বিতর্কের বিষয়বস্তুতে উঠে আসে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি উদ্যোগ, টেকসই উন্নয়নে বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ এবং ডিজিটাল আসক্তি কমাতে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধের মতো সমসাময়িক প্রসঙ্গ। এসব বিষয়ে নিজেদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপন করে প্রতিযোগীরা।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, বিজ্ঞানমনস্ক তরুণেরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী ও বিশ্লেষণী চিন্তায় দক্ষ করে তোলে।
আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, যুক্তিনির্ভর মনোভাব ও বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
এই বাংলা/এমএস