ঝালকাঠির কাঁঠালিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) অর্জন করা দুই মেধাবী শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দিতে পাঠ্যবই উপহার দেওয়া হয়েছে। মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া জান্নাতুল ও মিমের হাতে এসব বই তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর।
এ সময় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা এবং তাঁদের শিক্ষার পথ সুগম করা সবার সামাজিক দায়িত্ব। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এসব শিক্ষার্থী ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বই বিতরণ অনুষ্ঠানে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগ মল্লিক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বাসার মুন্সী উপস্থিত ছিলেন।
এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা দুই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এই বাংলা/এমএস