ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে পুলিশ। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী।
উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের প্রকাশিত ২০২৬ সালের তালিকা অনুযায়ী, চরভদ্রাসন ও গাজীরটেক ইউনিয়নে এবার মোট ১৫টি সর্বজনীন দুর্গাপূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চরভদ্রাসন ইউনিয়নে আটটি এবং গাজীরটেক ইউনিয়নে সাতটি মণ্ডপ রয়েছে।
তালিকা অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত এসব মণ্ডপে দুর্গাপূজার অনুষ্ঠান চলবে।
চরভদ্রাসন ইউনিয়নের মণ্ডপগুলোর মধ্যে রয়েছে কামারডাঙ্গী বটতলা, মাথাভাঙ্গায় জীতেন মণ্ডল ও হরিপদ মণ্ডলের বাড়ি, বি এস ডাঙ্গীতে ভুবন শিকদারের বাড়ি, পূর্ব বি এস ডাঙ্গীতে সুরেন সাধুর বাড়ি, খালাসী ডাঙ্গীতে বিমল খালাসীর বাড়ি, চরভদ্রাসন বাজার এবং মধু শিকদারের ডাঙ্গীতে অনিল বেপারীর বাড়ির সর্বজনীন দুর্গামন্দির।
অন্যদিকে, গাজীরটেক ইউনিয়নের মণ্ডপগুলোর মধ্যে রয়েছে চরহাজীগঞ্জ বাজার, বিন্দু ডাঙ্গী, চর সুলতানপুরের ক পালী পাড়া, শীল ডাঙ্গী, চরঅযোধ্যা তেলী ডাঙ্গীতে সন্তোষ তেলীর বাড়ি, মধুফকিরের ডাঙ্গীতে ময়ারাম বেপারীর বাড়ি এবং কানাইরটেকের নারায়ণ সরকারের বাড়ির সর্বজনীন দুর্গামন্দির।
পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ বজায় রাখতে পুলিশ কাজ করছে।
স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সমন্বিত উদ্যোগে এ বছরের দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
চরভদ্রাসন উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি বিকাশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বিনয় কুমার বেপারী স্বাক্ষরিত তালিকায় ১৫টি পূজামণ্ডপের নাম এবং সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাদের তথ্য উল্লেখ রয়েছে।
এই বাংলা/এমএস