শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পূবাইলে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার পুনর্মিলনী, অংশ নেন দেড় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুরের পূবাইলে আপন ভূবন রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন করে মাদ্রাসাটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘ফ্যানস ফ্যামিলি’। অনুষ্ঠানে দেড় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন বলে আয়োজকেরা জানান।

হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। প্রধান বক্তা ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর আলহাজ মাওলানা শাহ মো. নেছারুল হক, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু জাফর মো. সালেহ চাঁদপুরী এবং ঢাকার মিছবাহুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমদ। এ ছাড়া তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজীসহ মাদ্রাসাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী সিদ্দিকুর রহমান এবং সদস্যসচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আরিফুর রহমান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে ছিল নানা অনুষ্ঠান, স্মৃতিচারণ ও আনন্দ-উৎসব। মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি দেশের কয়েকজন পরিচিত বিনোদনশিল্পীও তাঁদের পরিবেশনা তুলে ধরেন।

বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসাজীবনের স্মৃতি তুলে ধরেন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন। পরে মরহুম শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর