কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানো ও জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ধলেশ্বরী নদীতে ২৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাস্তুল বাজার লঞ্চঘাট এলাকায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদীতে মাছের পোনা অবমুক্ত করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) অমিত পণ্ডিত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মুক্ত জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়াতে পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবমুক্ত করা পোনা প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠলে তা স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করতে পারে। পাশাপাশি মৎস্যজীবীদের জীবিকা ও আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাঁরা আরও বলেন, হাওরাঞ্চলের নদ-নদী ও মুক্ত জলাশয় দেশীয় প্রজাতির মাছের গুরুত্বপূর্ণ আবাসস্থল। এসব জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পোনা অবমুক্তকরণ কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন। এর মাধ্যমে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্যসম্পদ টিকিয়ে রাখা সম্ভব হবে।
এই বাংলা/এমএস