শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নাগরপুরে আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের কাজ উদ্বোধন করলেন এমপি লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আকতারাইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন দোতলা ও তিনতলা ভবনের চলমান নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। শিক্ষার পরিবেশ উন্নত করা ও বিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক আব্দুল আওয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। নতুন ভবন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। এ ছাড়া বক্তব্য দেন আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর