শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ঘিওরে মাদকবিরোধী সমাবেশ, তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত হওয়ার আহ্বান

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

মানিকগঞ্জের ঘিওরে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান বক্তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় ঘিওর উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির জাকির ইকবাল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মহসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, জেলা সহকারী পুলিশ সুপার নুরুল আমিন, জেলা মাদকদ্রব্য প্রসিকিউটর আরিফ মোর্শেদ এবং ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর।

সমাবেশে বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্মের স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার পরিবেশ তৈরি করা জরুরি।

বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর করলে চলবে না; এ জন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ মাদকবিরোধী সমাবেশ সচেতন মহলে প্রশংসা পেয়েছে। এমন উদ্যোগ এলাকার তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর