আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতা-কর্মীদেরও ছাড় দেওয়া হবে না। দলের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোটও চান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভোটাররা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। নির্বাচনে দলীয় পরিচয়ের কারণে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সরকার কঠোর অবস্থানে থাকবে।
মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো একটি এলাকাকে প্রাধান্য না দিয়ে সারা দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় শিক্ষা, যোগাযোগ ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জিয়াউর রহমানের পরিবারের ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, দেশের বিভিন্ন সংকট ও সম্ভাবনার সময়ে এ পরিবার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ চলছে।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস