বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বাঁশখালীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তারেক আব্দুল্লাহ। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গত রোববার (১৮ অক্টোবর) দক্ষিণ বাঁশখালীর শীলকূপ, চাম্বল ও শেখেরখীল এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর বাঁশখালীর জলদি পৌরসভা, বৈলছড়ি ও সাধনপুরের বানীগ্রাম এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তারেক আব্দুল্লাহ বলেন, বাঁশখালী দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধারণ করে আসছে। এখানে বিভিন্ন ধর্মীয় উৎসব সবাই মিলেমিশে উদ্‌যাপন করেন। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এই ঐতিহ্য ধরে রাখা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করা সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল। নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি বাঁশখালীর দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের ঐতিহ্য অব্যাহত রাখার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর