শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

পিরোজপুরে ১৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশন

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ দেওয়া এবং শিক্ষার প্রসারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার কদমতলায় অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’। এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়।

সামাজিক সংগঠন আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এবং কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন ও গ্রাজুয়েট ফোরামের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কদমতলা ইউনিয়নের পোরগোলা এলাকার মাতুব্বরহাটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল-মাসুম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও যুবসমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে মেধাবীদের স্বীকৃতি দেওয়ার এ ধরনের উদ্যোগ অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও শিক্ষার প্রতি আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের সভাপতি আল-মাসুম খান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠনে আমাদের মেধাবীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশন ও কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন পৃথক দুটি ক্ষেত্র থেকে সবসময়ই সমাজের কল্যাণ ও শিক্ষার প্রসারে একযোগে কাজ করে আসছে। যেকোনো ভালো কাজের সঙ্গে আমাদের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষা বিস্তারে সামাজিক অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা সংবর্ধিত ১৫ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর