নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নীলফামারী আল-হেলাল একাডেমি মাঠে আয়োজিত এ সম্মেলনে দলীয় কার্যক্রম জোরদার, আসন্ন নির্বাচনে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নেতাকর্মীদের নৈতিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সম্মেলন শেষে নতুন মেয়াদের জন্য জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
রোকনদের উদ্দেশে বক্তব্যে মমতাজ উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে ভালো ফল অর্জনের জন্য এখন থেকেই ব্যাপক গণসংযোগ শুরু করা প্রয়োজন। নীলফামারীর চারটি সংসদীয় আসনেই ভালো ফলের মাধ্যমে দলের জনপ্রিয়তা তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
দলীয় কর্মীদের নৈতিকতা ও ধর্মীয় অনুশাসনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে এবং সব কার্যক্রমে আন্তরিকতা বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই সীমালঙ্ঘন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় রোকনদের নিয়মিত কোরআন অধ্যয়নের পরামর্শ দেন মমতাজ উদ্দিন। পাশাপাশি প্রত্যেক রোকনের কাছে ‘তাফহীমুল কুরআন’-এর পূর্ণাঙ্গ সেট রাখার আহ্বান জানান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক রোকন উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষপর্যায়ে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে নতুন মেয়াদের জন্য নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে কে আমীর নির্বাচিত হয়েছেন, তা আয়োজকদের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।
এই বাংলা/এমএস