সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

প্রতিপক্ষের মামলা নিলেও অভিযোগ নেয়নি পুলিশ, জলঢাকায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নীলফামারীর জলঢাকায় বাড়িঘরে হামলা, লুটপাট ও বসতভিটা দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে দাবি তাঁদের। অন্যদিকে, প্রতিপক্ষের করা মামলা গ্রহণ করে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

সোমবার (৯ নভেম্বর) নীলফামারী শহরের একটি গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জলঢাকা উপজেলার কাছারিপাড়া গ্রামের বাসিন্দা সত্যরানী রায়। তিনি প্রফুল্ল চন্দ্র বর্মনের স্ত্রী।

সংবাদ সম্মেলনে সদ্য জামিনে মুক্ত হওয়া প্রফুল্ল চন্দ্র বর্মন, তাঁদের মেয়ে পূজা রানী রায় ও বিথি রানী রায়, পুত্রবধূ বৃষ্টি রানী, জামাতা বাবু রায়, উৎপল রায়সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সত্যরানী রায় জানান, তাঁর শ্বশুর মৃত লক্ষণ চন্দ্র বর্মন ২০১২ সালে দ্বিতীয় স্ত্রী সুশীলা রানীকে পাঁচ শতাংশ জমি দানপত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। পরবর্তী সময়ে ২০২৩ সালে তাঁর শ্বশুর আইনগতভাবে ওই দানপত্র বাতিল করেন। তবে শ্বশুরের মৃত্যুর পর দানপত্র বাতিলের বিষয়টি গোপন রেখে গত ৮ মার্চ সুশীলা রানী তাঁর ভাগ্নে অবিনাশ চন্দ্র রায়ের কাছে পাঁচ লাখ ১০ হাজার টাকায় ওই জমি বিক্রি করেন বলে অভিযোগ করেন তিনি।

সত্যরানীর অভিযোগ, গত ১৬ অক্টোবর অবিনাশ চন্দ্র রায় ও তাঁর কয়েকজন সহযোগীসহ শতাধিক ব্যক্তি তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়। একপর্যায়ে তাঁদের বাড়ি থেকে বের করে দিয়ে বসতভিটা দখলে নেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনার দিনই প্রতিকার চেয়ে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। অথচ পরদিন ১৭ অক্টোবর তাঁর শাশুড়ি সুশীলা রানী তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে থানায় মামলা করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, যথাযথ তদন্ত ছাড়াই গত ৩ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ তাঁর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন ও দুই ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বর্তমানে তাঁর স্বামী জামিনে মুক্ত হলেও দুই ছেলে কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সত্যরানী বলেন, “আমরা কোনো অন্যায় সুবিধা চাই না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার ও বসতভিটা ফিরে পেতে চাই।”

এ সময় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি দখল হয়ে যাওয়া বসতভিটা উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এসব অভিযোগের বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, “এই মুহূর্তে আমি বাইরে আছি। থানায় গিয়ে রেজিস্ট্রার দেখে জানাব।”

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর