ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দুটি এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের দলিল উদ্দিন ফকিরের ছেলে লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির (৪০) এবং গাজীরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের ওফাজদ্দিন বেপারীর ছেলে আলেম বেপারী (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লাভলু ফকির ওরফে ডাব্ল ফকির ১২/২৬ নম্বর মাদক মামলার আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকের চালান সংগ্রহ করে সহযোগীদের মাধ্যমে এলাকায় ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে।
অন্যদিকে, আলেম বেপারী ১৪০/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনিও আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দুই আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী বলেন, “উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ওসি আরও জানান, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে পুলিশের নিয়মিত অভিযান চলবে।
এই বাংলা/এমএস