বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) নির্বাচন-২০২৬ ঘিরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচনী কার্যক্রমে তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীদের বাছাইয়ের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ও ১১ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১১ নভেম্বর বুধবার বিকেল ৫টার মধ্যে প্যানেলভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সোমবার (৯ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ১১ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোর পঞ্চায়েত কমিটি (প্রাথমিক কার্যকরী পরিষদ), বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীদের কাগজপত্র এ সময় যাচাই করা হবে।
বাছাই কার্যক্রমে সংশ্লিষ্ট প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, প্রস্তাবকারী, সমর্থনকারী কিংবা প্রার্থীর মনোনীত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন।
এদিকে বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি পদে বিজয় হাজরা ও মহেশ্বর দাসের নেতৃত্বাধীন দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মণ্ডলীর প্যানেল প্রধান হিসেবে রয়েছেন পংকজ কন্দ ও রাজু গোয়ালা।
অন্যদিকে সম্পাদক মণ্ডলীর নির্বাচনে প্যানেল প্রধান হিসেবে রয়েছেন নিপেন পাল, মুকেশ কর্মকার ও পরেশ কালেন্দি।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন-২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই বাংলা/এমএস