জামালপুরের বকশীগঞ্জে ষড়যন্ত্র করে মিথ্যা মাদক মামলায় জড়ানোর অভিযোগ তুলেছেন আমান উল্লাহ উদয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার লাউচাপড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আমান উল্লাহ উদয় অভিযোগ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট মধ্যরাতে সুজাত মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা করতে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে লাউচাপড়া বাজারে মাদক বিক্রির প্রতিবাদ করায় সেই বিরোধ আরও গভীর হয়।
তিনি জানান, বাজারে মাদক বিক্রির বিষয়টি তৎকালীন বাজার প্রহরী আসলামের নজরে আসে। পরে এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতাদের কাছে বিচার দাবি করেন বাজারের লোকজন। একপর্যায়ে নির্বাচনী সভা চলাকালে সুজাত মিয়াসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৬ সালের ১৫ জানুয়ারি বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে তিনি পাঁচ নম্বর সাক্ষী ছিলেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আমান উল্লাহ উদয়।
তিনি আরও অভিযোগ করেন, তাঁকে ব্যক্তিগতভাবে মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর তাঁকে মাদক মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
অমান উল্লাহ উদয়ের দাবি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি মাদক সিন্ডিকেট পরিকল্পিতভাবে তাঁকে মামলায় জড়িয়েছে। এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে কী তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে মামলার আসামি করা হয়েছে, তা প্রকাশের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উদয় জানান, তিনি দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মাদক মামলায় তাঁর নাম আসার পর তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের দৃষ্টি আকর্ষণ করে উদয় বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর সম্মান পুনরুদ্ধার এবং দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তি মেনে নিতে প্রস্তুত রয়েছেন। তবে তিনি নির্দোষ হলে কারা এবং কী উদ্দেশ্যে তাঁকে মামলায় জড়িয়েছেন, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমান উল্লাহ উদয়ের মা আঞ্জুয়ারা বেগম, ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাচ্চা মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ আবু সাঈদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিকরাইল হোসেন খোকা এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
এ সময় জামালপুরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান আমান উল্লাহ উদয়।
এই বাংলা/এমএস