খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় নিরুপন চাকমা (৪৫) নামে দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিরুপন চাকমা মোটরসাইকেল চালিয়ে দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে ফিরছিলেন। পথে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়ি থেকে দীঘিনালাগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর মোটরসাইকেলকে সরাসরি ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পিকআপের চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে তাঁকে সড়ক থেকেই আটক করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, নিহত যুব উন্নয়ন কর্মকর্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এই বাংলা/এমএস