অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলার ‘শামস ফুড বেকারি’কে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর রোডে বেকারিটিতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, বেকারিটিতে খাদ্য তৈরির পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর ছিল। কেক, বিস্কুট ও রুটি তৈরিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি পচা ও অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করা ব্রেড পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়েছিল।
এ ছাড়া ময়লাযুক্ত ট্রেতে খাবার প্রস্তুত, তেল মেশানোর কাজে রঙের ব্রাশ ব্যবহার এবং ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য তৈরির বিষয়টিও অভিযানে ধরা পড়ে।
কারখানার পাশেই ছিল ময়লার ভাগাড়। সেখান থেকে ছড়ানো দুর্গন্ধের পাশাপাশি মাছির উপদ্রবও ছিল। বেকারির মিক্সিং মেশিন ও বাসনপত্র ছিল অপরিষ্কার এবং তেলচিটে। খাবার ঢেকে রাখার জন্য ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার এবং অপরিচ্ছন্ন অবস্থায় ডিম সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়।
অভিযানে আরও দেখা যায়, বেকারিটির অধিকাংশ পণ্যের বিএসটিআই সনদ নেই। পণ্যের মোড়কে উপাদান ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি। এমনকি মোড়কে আগাম বা জালিয়াতিপূর্ণ তারিখ ব্যবহারের বিষয়টিও নজরে আসে। এ ছাড়া খাদ্যপণ্য মজুতের স্থানেই কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সার্বিকভাবে সেখানে স্বাস্থ্যবিধি মানার ঘাটতি পাওয়া যায়।
এসব অনিয়ম ও অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় বেকারিটিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস