নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে একটি সুতি জাল ও ৪০টি চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামটা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জানাতুল ফেরদৌস অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াল নদীতে সুতি জাল এবং চামটা বিলে চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় একটি সুতি জাল ও ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, নদ-নদী, খাল-বিল ও জলাভূমিতে চায়না দুয়ারি জালের ব্যবহার মৎস্যসম্পদের জন্য গুরুতর হুমকি। মশারির মতো সূক্ষ্ম ফাঁসের এ জালে বড় মাছের পাশাপাশি পোনা, ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণীও নির্বিচারে আটকা পড়ে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ প্রতিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। অল্প সময়ে বেশি মাছ পাওয়ার আশায় এ জালের ব্যবহার ভবিষ্যতের মৎস্যসম্পদ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জানাতুল ফেরদৌস বলেন, জব্দ করা জালগুলোর মালিকদের পাওয়া যায়নি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস