মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে পদ্মা নদীতে অবৈধ বাঁশের বাঁধ উচ্ছেদ, জালসহ সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অবৈধভাবে নির্মিত বাঁশের বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বাঁধের সঙ্গে থাকা একটি বড় মাছ ধরার জাল ও ১০টি চায়না দুয়ারি জব্দ করা হয়। পরে জব্দ করা জাল ও চায়না দুয়ারিগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চর শালেপুর ও চর মির্জাপুরের মধ্যবর্তী পদ্মা নদীর সংযোগস্থলে অভিযান চালানো হয়। এ সময় সশস্ত্র আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একই এলাকায় গত শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ অভিযান চালায় উপজেলা প্রশাসন। ওই অভিযানে পদ্মা নদীতে নির্মিত অবৈধ বাঁশের বাঁধ, মাটির বাঁধ ও মাছ ধরার ফাঁদ অপসারণ করা হয়। এ সময় ২০টি চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল।

এরপরও একই এলাকায় অবৈধ বাঁধ নির্মাণ ও মাছ ধরার সরঞ্জাম ব্যবহারের বিষয়টি নজরে আসে প্রশাসনের। এর পরিপ্রেক্ষিতে সোমবার আবারও অভিযান চালানো হয়। এ সময় বাঁশের বাঁধটি উচ্ছেদ, অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ এবং সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর