বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মোঃ ইমরান হোসেন ফরহাদ ফকিরের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন এবং সিনিয়র সহ-সভাপতি নুর আলম। তিনি শোলাগাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (র.) দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্বেও রয়েছেন।
সভাপতির বক্তব্যে আবু সিনা মোঃ ইমরান হোসেন ফরহাদ ফকির বলেন, “একটি আলোকিত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং মোবাইল আসক্তিসহ আধুনিক যুগের নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথভাবে দায়িত্ব পালন করতে হবে।”
শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “নিয়মিত পড়াশোনার পাশাপাশি শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীরচর্চার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সুস্থ দেহে সুন্দর মন—তাই প্রতিদিন কিছুটা সময় খেলাধুলা ও শরীরচর্চায় কাটানো উচিত। এটি শিক্ষার্থীদের মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক চিত্র তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান শিক্ষক শাহারুল ইসলাম সফিক। এ ছাড়া আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য দেন।
সমাবেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উন্মুক্ত আলোচনা পর্বে অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এসব যৌক্তিক দাবি ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস