জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে পাঠদান আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে ৯০ জন কোর ট্রেইনারের পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের প্রশিক্ষিত করে শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণের আগে নির্বাচিত কোর ট্রেইনারদের অনলাইন প্ল্যাটফর্মে সাত দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। অনলাইন প্রশিক্ষণে যাচাই-বাছাই ও সনদ অর্জনের প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯০ জনকে আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। পাঁচ দিনের এ কর্মসূচিতে কারিকুলাম উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত ডোমেইন ও পেডাগোজি বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান কিংবা বিজ্ঞান—প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার শেখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। উন্নত বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের পাঠ্যক্রম ও প্রশিক্ষণব্যবস্থায় পরিবর্তন আনছে। বাংলাদেশের প্রযুক্তিগত সীমাবদ্ধতা, উচ্চগতির ইন্টারনেটের ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও এ ক্ষেত্রে পিছিয়ে থাকার সুযোগ নেই। সীমিত সামর্থ্যের মধ্যেও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং আধুনিক প্রশিক্ষণের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোর ট্রেইনার এবং পরবর্তী সময়ে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের কলেজগুলোর শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনা সম্ভব হবে। এর সুফল পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর প্রায় ৪০ লাখ শিক্ষার্থী।
উপাচার্য আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে পিছিয়ে থাকা কলেজগুলোতে কম্পিউটার ও প্রজেক্টর সরবরাহসহ প্রয়োজনীয় আইসিটি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ইউনিসেফ, এনএসডিএ, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ কর্মসূচি কোনো একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ উন্নয়নের সম্মিলিত প্রয়াস।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের এ প্রশিক্ষণ বৃহত্তর উদ্যোগেরই একটি অংশ।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞ ফাহমিদা শবনম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজের কোর ট্রেইনার এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।
এই বাংলা/এমএস